পাহাড়িপথে একটা গন্ধ থাকে
হাওয়ায় হাওয়ায়
পথের ধারে পড়ে থাকা পাইন, চির
গাছের পাতায়
নিঃশব্দ ডাক থাকে, যে ডাকে সাড়া
না দিয়ে উপায় থাকে না কারো
ফুরসত থাকে না আর স্থিতু মনে
রুকস্যাক গোছাবার...
আঁধার নামে সর্পিল পথে, বিন্দু
বিন্দু আলো আলেয়ার মত
কাছে আসে, দূরে যায়, সম্মোহিত
করে জাদুকর যেন, আরো
নিকষ কালো রাতে, যখন শয়ে শয়ে
জোনাকি প্রস্তুত থাকে
পথের বাঁকে, তখন মনের কানাচ
উপচে ওঠে মায়ায়
ভালোবাসা-তাঁবুতে নেমে আসে স্বাতী,
অরুন্ধতীরা, পক্ষীরাজ করে
ভেসে আসে ওরা জোনাক-পথে,
কালপুরুষের বাকি সবাইকে ছেড়ে-
আমিও ছেড়ে যাই তখন আমার আমি-কে,
বেপথু হই আধো-জাগরণে
জাতিস্মরের মতো দুটি সত্তার
টানাপোড়েনে, ছুঁয়ে ছুঁয়ে দেখি পাহাড়কে।
সমর্পিতা ঘটক
No comments:
Post a Comment